ফেনী পৌরসভার দুর্নীতিবাজ নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে ছাত্র-জনতা বিক্ষোভ
শহর প্রতিনিধি
ফেনী পৌরসভার দুর্নীতিবাজ পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবুজর গিফরীকে ফেনী থেকে বদলী ও অপসারণের দাবিতে ফেনী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-জনতা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ শেষে ছাত্র জনতা বৃহস্পতিবার বিকালে পৌর প্রশাসক বরাবরে তাকে অপসারণের দাবিতে এক স্মারকলিপি প্রদান করেছেন। দীর্ঘদিন থেকে এই পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসলেও কোন এক অদৃশ্য শক্তির কারণে তিনি এখনো পৌর নির্বাহী কর্মকর্তা পদে বহাল রয়েছে। ছাত্র জনতা স্মারকলিপিতে উল্লেখ করেন এই আবুজর গিফরী ফ্যাসিস্ট সরকারের একজন দালাল। বিগত সরকারের আমলে পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর সরোয়ার জাহানের সাথে একত্রিত হয়ে অতিরিক্ত সুইপার দেখিয়ে প্রতিমাসে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর গোলাম মোহাম্মদ বাতেন উপ- পরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয় পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর পৌর নির্বাহী আবুজর গিফরী ও সরোয়ার জাহানের দুর্নীতি রুখতে সকল পরিচ্ছন্ন কর্মীদের মাসিক বেতন ভাতা তাদের নিজস্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন। আবুজর গিফরি ফেনী পৌরসভার পাশাপাশি সোনাগাজী ও পরশুরাম পৌরসভার অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। সেখানেও গত ফ্যাসিস্ট সরকারের নিযুক্ত মেয়রদের সাথে যোকসাজোষে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। যেখানে পৌরসভা গুলো কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে, সেখানে এই দুর্নীতিবাজ কর্মকর্তা নানা অনিয়ম ও দুর্নীতি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গত ২ অক্টোবর দৈনিকে বিভিন্ন শিরনামে কয়েকটি জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় ফলাওভাবে সংবাদ প্রকাশিত হয়েছে। এই ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ কর্মকর্তাকে ফেনী পৌরসভা থেকে দ্রুত অপসারণ করা ছাত্র জনতার গণ দাবিতে রুপ নিয়েছে।

