সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মারধর, হাসপাতালে সাগরের মৃত্যু
দাগনভূঞা প্রতিনিধি
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত হয়ে মো. সাগর (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেলে দাগনভূঞা উপজেলার কোরবানপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যান।
নিহত মো. সাগর ফেনীর দাগনভূঞা উপজেলার দরবেশেরহাট এলাকার নারায়নপুরের মো. আলমগীরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে সাগর নামে ওই যুবক উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সামনে বসে সিগারেট খাচ্ছিল। এ সময় নুরুল হক নামে স্থানীয় এক ব্যক্তি তাকে (সাগর) জিজ্ঞেস করে বাড়ি কোথায়। এত দূর থেকে এসে এখানে সিগারেট খাচ্ছেন কেন?
ওই সময় সাগর জানায় যে তার খালা ওই আশ্রয়ণ এলাকায় থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। তখন নুরুল হকের পক্ষে আরও কয়েকজন স্থানীয় লোক জড়ো হয়। পরে হাতাহাতি ও মারামারি হয়। এতে সাগর আহত হন। তাকে শুক্রবার সন্ধ্যায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম জানান, মারামারির ঘটনায় পর ওই যুবক অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

