জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

স্পেন প্রবাসী হেলিকপ্টারে করে বউ নিয়ে বাড়ি ফিরলেন

সোনাগাজী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে স্পেন প্রবাসী ইসরাফুল আলম রিফাত হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে বাড়ি ফিরলেন । সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে সোনাগাজী পৌরসভার তুলাতলি গ্রাম থেকে নতুন বউ নিয়ে আসেন তিনি। তাদের দেখতে এলাকায় ভিড় জমে।

স্থানীয় ও বর-কনের পারিবারিক সূত্র জানায়, হেলিকপ্টারে চড়ে আসা বর উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের স্পেন প্রবাসী মো. ইসরাফুল আলম রিফাত। আর কনে সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলি গ্রামের কুয়েত প্রবাসী মাঈন উদ্দিন মানিকের মেয়ে খাদিজাতুল কোবরা নিঝুম। বিয়ের মুহূর্তটি স্মরণীয় করে রাখতে দুই লাখ দশ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছেন বর পক্ষ।


তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সোনাগাজী মডেল থানার একদল পুলিশ। হেলিকপ্টারে করে আসা বরকে দেখার জন্য আশপাশের অনেকে ভিড় জমান। বিশ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন বর-কনের। উভয় পক্ষের দুই হাজার ১০০ জন অতিথির ভোজন শেষে বিকাল সাড়ে ৪টার দিকে কনেকে নিয়ে বাড়ি ফেরেন রিফাত।

বরের ভগ্নীপতি মো. শাহাদাত হোসেন বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে বাবা-মায়ের একমাত্র ছেলে হিসেবে বিয়েতে হেলিকপ্টার ভাড়া করা হয়।

কনের বাবা মাঈন উদ্দিন মানিক বলেন, বরের পক্ষ বিষয়টি জানালে আমিও গ্রামবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়াতে হেলিকপ্টার ভাড়ার ব্যাপারে সম্মত হই। নবদম্পতির জন্য আমি সবার কাছে দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *