জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশস্বাস্থ্য

ফুলগাজীতে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,তদন্ত কমিটি

বিশেষ প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রাম থেকে মোঃ সোহাগ (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।

নিহতের বাবা ওমর আলী জানান, ঘটনার রাতে সোহাগ তার মায়ের কাছে এক হাজার টাকা চান। তার মা সকালে টাকা দেওয়ার কথা বললে তিনি নিজের কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময়ে তিনি ঘরের কাঠের ডাঁসার সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দেন বলে পরিবারের ধারণা।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তিনি এক ছেলে ও মাত্র দুই মাস বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।

ঘটনার খবর পেয়ে ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন সিকদার ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এদিকে সকালে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন, “সোহাগ নামে একজনের ফাঁস দিয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে জানা গেলেও, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *