ফেনীতে কালবৈশাখীর তাণ্ডবের পর, বিদ্যুৎ নেই বহু এলাকায়
বিশেষ প্রতিনিধি
ফেনীতে তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরলেও কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের সঙ্গে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। অনেক জায়গায় গাছপালা ভেঙে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৬ মে) দুপুর সাড়ে ১২টা থেকেই ফেনীর আকাশে ছিল মেঘের ঘনঘটা। পরে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। ঝড়ে জেলার ফেনী-সোনাগাজী সড়ক, ছাগলনাইয়া-শুভপুর সড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাইওয়ে থানার সামনে, বিসিক ও ফেনী শহরে বিভিন্ন সড়কে গাছপালা পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের বিসিক ও দেবীপুরে গাছ পড়ে চট্টগ্রামমুখী লেন বন্ধ চার ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ মহাসড়কের একমুখী যানচলাচল বন্ধ থাকে। পরে গাছ অপসারণ করলেও ধীরগতিতে যানচলাচল শুরু হয়।

