রায়কে কেন্দ্র করে বিচার পতির বাড়ির নিরাপত্তা জোরদার
মহিউদ্দিন সেজু
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ১৭ ই নভেম্বর (সোমবার) সকাল থেকে ফেনীর ফুলগাজী উপজেলায় সরব রাজনৈতিক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদারের ফুলগাজী আনন্দপুর ইউনিয়ন হাসানপুর গ্রামে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। থানা প্রশাসন বাড়ির চারপাশে নিরাপত্তা ঘিরে রাখে।
এদিকে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বাড়ির সামনে অবস্থান নেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সেখানে নিরাপত্তায় সহায়তা করছেন বলে জানা গেছে।
বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া, স্লোগান ও আনন্দ মিছিল দেখা যায়। তরুণ কর্মীদের অংশগ্রহণে এসব মহড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরিস্থিতি শান্ত থাকলেও প্রশাসন পুরো উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করেছে।

