জামমুডা গ্রামের একমাত্র পথ বাঁশের সাঁকো, এলাকাবাসীর দুর্ভোগ
মহিউদ্দিন সেজু
ফুলগাজী উপজেলার ২ নং মুন্সিরহাট ইউনিয়ন উত্তর জামমুডা ও কোমুয়া গ্রামের মানুষদের যাতায়াতের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। তবে ২০২৪ সালের বন্যায় সিলোনিয়া নদীর প্রবল স্রোতে আগের সাঁকোটি ভেসে যাওয়ার পর এলাকাবাসীর দুর্ভোগ বেড়ে গেছে।
বর্তমানে নতুন করে তৈরি করা সাঁকোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন শত শত সাধারণ মানুষ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীকে এই সাঁকো পার হয়ে যাতায়াত করতে হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জরুরি প্রয়োজনে ও চিকিৎসার জন্য গ্রাম থেকে বের হতে গিয়ে মানুষকে বিপদে পড়তে হচ্ছে। শিশু-কিশোরদের জন্য এই সাঁকো পার হওয়া বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
এলাকাবাসীর দাবি, স্থায়ী সেতু নির্মাণ ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়। তারা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের আহ্বান জানিয়েছন।

