ফেনী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেফতার
আনোয়ার হোসেন
ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১৮ (আঠারো) জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ফেনী জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, ছিনতাইকারী, গরু চোর ও মাদক সিন্ডিকেটের সদস্যরা।
ফেনী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য এবং ৪ মামলার আসামি শাহাদাত হোসেন রিমন (৩৫)-সহ মাদক সিন্ডিকেটের আরও ৭ জন অপরাধীকে গ্রেফতার করে।
অন্যদিকে, দাগনভূঞা থানা পুলিশের অভিযানে ১ জন ছিনতাইকারী ও আন্তজেলা চোরচক্রের ৩ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি নূর উদ্দিন শামীম (২৪)-কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২টি ডাকাতি ও ১টি চুরির মামলা বিচারাধীন রয়েছে।
এছাড়া ছাগলনাইয়া থানা পুলিশ মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

