ফেনীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৪
সৌরভ সাহা
ফেনীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পিটিআই স্কুলের বিপরীত পাশে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার উত্তর চরবংশী এলাকার বিল্লাহ হোসেন (২৪), নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রংছাতী এলাকার মো. রেজাউল করিম (২৪), একই উপজেলার হরিণাকুণ্ডি এলাকার মো. রুবেল হোসেন (২২) এবং ফেনী সদর উপজেলার রামপুরের তারেক মিয়ার কলোনি এলাকার মো. হৃদয় (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

