অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

শশদীতে লায়ন্স ইন্টারন্যাশনালের বিনামূল্যে চক্ষু শিবিরে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ওষুধ-চশমা বিতরণ

মো: রাসেল
ফেনীর শশদী ইউনিয়নে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-১ বাংলাদেশের দুটি ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ফেনী জেলার ১ নম্বর শশদী ইউনিয়নের সরিষাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-১ বাংলাদেশের লায়ন্স ক্লাব অব ঢাকা ধলেশ্বরী ও লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট-এর উদ্যোগে আয়োজিত এ চক্ষু শিবিরে এলাকার শত শত নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-১ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, এমজেএফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ৩১৫, বি-১ বাংলাদেশের নিও ভয়েস চেয়ারপারসন লায়ন নূরে জান্নাত রুমা, জোন চেয়ারপারসন লায়ন হেলাল উদ্দিন, জোন চেয়ারপারসন লায়ন মীর হোসেন রাসেল, পাবলিক রিলেশন চেয়ারপারসন লায়ন আশফাক আহম্মেদ চৌধুরীসহ লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সেবামূলক সংগঠনের প্রতিনিধিরা।
পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাসেবা
চক্ষু শিবিরে ঢাকার লায়ন্স হাসপাতাল থেকে আগত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করেন। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে চোখের ছানি সমস্যায় আক্রান্ত প্রায় ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত রোগীদের পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
মানবিক সেবায় লায়ন্স ইন্টারন্যাশনাল
চক্ষু শিবিরে চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না। বিনামূল্যে এ ধরনের চিকিৎসা শিবির তাদের জন্য বড় ধরনের সহায়তা।
আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই লায়ন্স ইন্টারন্যাশনাল নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফেনীর শশদীতে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *