গুলশানে বিএনপি কার্যালয়ে আমাদেশের সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ভাঙচুর, তদন্তের নির্দেশ
ঢাকা অফিস
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
‘আমার দেশ’ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, তিনি সকাল থেকে কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। বিকেলে সাক্ষাৎকার কক্ষে প্রবেশের সময় আকস্মিক হট্টগোলের মধ্যে কয়েকজন ব্যক্তি তাঁকে টেনে নিয়ে মারধর করে। “আমি ভিডিও করছিলাম। হঠাৎ ৩–৪ জন এসে ফোন কেড়ে নেয়, প্রেস কার্ড ছিনিয়ে ফেলে এবং কোনো কারণ ছাড়াই আমাকে বাইরে বের করে দেয়,” বলেন তিনি।
এ সময় দ্য ডেইলি স্টার-এর সাজ্জাদ, নয়া দিগন্ত-এর অসীম আল ইমরান এবং জাগো নিউজ-এর খালিদ হোসেনকেও হেনস্তা করা হয় বলে প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান।
ঘটনার পর বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা বলেন, “একজন সংবাদকর্মীর ওপর হামলা ও তার যন্ত্রপাতি ভাঙচুর কোনোভাবেই সহনীয় নয়। আমরা ঐক্যবদ্ধভাবে এ ঘটনার প্রতিবাদ জানাব।”
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি জেনেছি, দায়ীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বলেন, “এ ধরনের আচরণ দলীয় নীতি পরিপন্থী। শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে, যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

