ফুলগাজীতে কোল্ড স্টোরে ডাকাতির, মালামাল উদ্ধারের দাবি মালিক মিনার চৌধুরীর
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর এলাকায় নিজ কোল্ড স্টোরে সংঘটিত ডাকাতির ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ফেনী জেলা বিএনপির সদস্য মাহতাবউদ্দিন মিনার চৌধুরী।
তিনি প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, তার গ্রামের বাড়িতে অবস্থিত কোল্ড স্টোরে সংঘটিত ডাকাতির ঘটনায় আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। তিনি দাবি করেন, এ ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করে এবং স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করা হোক। অন্যথায় এ ঘটনায় ব্যর্থতার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা উচিত।”
মাহতাবউদ্দিন মিনার চৌধুরী আরও বলেন, তার কোল্ড স্টোরটি মূল সড়ক থেকে প্রায় ২৫০ ফুট দূরে এবং চারপাশে আলোকিত এলাকায় অবস্থিত। এমন একটি স্থানে সংঘটিত ডাকাতির ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ফেনী-১ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

