ফেনীতে তাঁতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আনোয়ার হোসেন
ফেনী কিং কমিউনিটি সেন্টারে জেলা তাঁতীদলের আয়োজনে ৬ উপজেলা ও ৫ পৌরসভার নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সদস্য যাচাই-বাছাই এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী হাবিবুল্লাহ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী সারোয়ার জাহান শ্রাবন, সাবেক জেলা সহ-সাংগঠনিক সম্পাদক নাসির ইমাম ভুট্রু এবং জেলা তাঁতীদলের সদস্য সচিব ইয়াসিন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকসুদুর রহমান স্বপনসহ জেলা, সদর, পৌরসভা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তাঁতীদলে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো অনুপ্রবেশকারী বা অপশক্তি দলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তাঁরা বলেন, দলের মধ্যে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে এবং তাদের নিয়েই দলকে সুসংগঠিত করতে হবে।
সভায় বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির ওপর জোর দেন এবং বলেন, জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে। সেইসঙ্গে, কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বা অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।
অনুষ্ঠানে তাঁতীদলকে আরও কার্যকর ও সংগঠিত করতে বিভিন্ন পরামর্শ ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

