হাসানপুর দারুল উলুম আলিম মাদ্রাসায় ছবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর দারুল উলুম আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষ ২০২৬ শিক্ষার্থীদের ছবক ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইবতেদায়ী থেকে দাখিল পর্যন্ত বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হাসানপুর দারুল উলুম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো. আব্দুল জলিল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার গোলাপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল করিম ভূঁইয়া কাজল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা এসহাক ভূঁইয়া। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল মজুমদার গোলাপ শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক উন্নয়নে মাদ্রাসার ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও উৎসাহব্যঞ্জক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

