অন্যান্যজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

৯৯৯’এ ফোন পেয়ে অপহৃত ট্রাকচালক উদ্ধার, অপহরণচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শহর প্রতিনিধি


অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ, ফেনী মডেল থানায় মামলা
ফেনী প্রতিনিধি: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফেনীতে অপহৃত এক ট্রাকচালককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ট্রাকচালকের নাম মো. বেলাল (৩৪)। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জামতলী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল মান্নান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ৬টার দিকে বেলাল সিএনজিচালক শাহ আলমের সহায়তায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে রওনা হন। পরদিন ১২ অক্টোবর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তাঁরা ফেনীর মহিপাল ফলমণ্ডি এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একটি অপহরণকারী চক্র তাঁদের গাড়িতে ধাক্কা দিয়ে ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি করে।
একপর্যায়ে চক্রের সদস্যরা সিএনজিচালক বেলাল ও তাঁর সহযোগী হেলপার শাহ আলমকে মারধর শুরু করে। পরে অপহরণকারীরা বেলালকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় তাঁর হেলপারের মোবাইল ফোনে যোগাযোগ করে বেলালকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরে উপায় না দেখে হেলপার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনী পৌরসভার জেলা কারাগারের বিপরীত পাশে রাজার দীঘির পাড় এলাকা থেকে রাত আনুমানিক ৩টার দিকে অপহৃত বেলালকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—মো. সোহেল (৩২), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসুরহাট এলাকার প্রিন্সনাথ (৪২), একই জেলার বেগমগঞ্জ উপজেলার আলাউদ্দিন (৩০) এবং ফেনী পৌরসভার দং চাড়ীপুর এলাকার মো. রনি (২৮)।
পুলিশ জানায়, অপহরণকারীরা বেলালকে জিম্মি করে মারধর করে এবং তাঁর পকেটে থাকা এক হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেয়। অভিযানে অপহৃত ব্যক্তির কাছ থেকে খোয়া যাওয়া এক হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
উদ্ধারের পর আহত বেলালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৩, তারিখ ১২ অক্টোবর ২০২৬। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দ্রুত যোগাযোগের ফলে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *