ফেনী জেনারেল হাসপাতালের আইসিইউর মেঝেতে স্বজনদের অবস্থান নিয়ে ক্ষোভ
আনোয়ার হোসেন
ফেনী জেনারেল হাসপাতালের আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) কক্ষে রোগীর স্বজনদের অবস্থান, মেঝেতে বসে থাকা, খাওয়া–দাওয়া ও শোয়ার চিত্রে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ রোগী, অভিভাবক ও সচেতন মহল।
হাসপাতালের নিয়ম অনুযায়ী আইসিইউতে রোগী ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি নেই। কিন্তু সম্প্রতি দেখা গেছে—আইসিইউ কক্ষের মেঝেতে স্বজনদের বিছানা পেতে ঘুমানো, খাবার খাওয়া এবং অবাধ যাতায়াত। এতে শুধু চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে না, বরং মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে।
রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত অপেক্ষমাণ কক্ষ বা থাকার ব্যবস্থা নেই। ফলে তারা বাধ্য হয়ে আইসিইউ কক্ষেই অবস্থান করছেন। অন্যদিকে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, রোগীর স্বজনদের আইসিইউর ভেতরে প্রবেশ কোনোভাবেই নিয়মসঙ্গত নয়। এ বিষয়ে বারবার সতর্ক করা হলেও শৃঙ্খলা মানা হচ্ছে না।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানান, হাসপাতালের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি জোরদার না হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে রোগীর সেবায় বিঘ্ন ঘটছে এবং আইসিইউর পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।
স্বাস্থ্য সচেতন মহল বলছেন, দ্রুত এ অবস্থা নিয়ন্ত্রণে না আনলে রোগীদের জন্য তৈরি হবে মারাত্মক বিপর্যয়। তাঁরা হাসপাতাল প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

