Uncategorized

ছাত্র হত্যা মামলায় আইনজীবী কারাগারে

আদালত প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহারকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) জেলা ও দায়রা জজ আদালতে তার জামিন শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে ২২ এপ্রিল ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট বাহার। ওইদিন আদালত জামিন শুনানির জন্য আজ ৬ মে তারিখ ধার্য করে।

আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী নাসির উদ্দিন বাহার এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ছোটন কংস বণিক, ফেনীতে গত জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত একটি হত্যা মামলার আসামি হিসেবে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ২২ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে তারা পুনরায় জামিনের জন্য স্বশরীরে হাজির হয়ে আবেদন করেন। আদালতের বিচারক ফেনী জেলা ও দায়রা জজ সিরাজউদ্দৌলা কুতুবী জামিনের বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য ৬ মে দিন ধার্য করেন। একই সঙ্গে মামলার এজাহারে উল্লেখিত ঘটনার দিন দুই আসামির অবস্থান কোথায় ছিল তা নির্ধারণ করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন। সেই আলোকে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি শেষে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহারের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। একই সঙ্গে অপর আইনজীবী অ্যাডভোকেট ছোটন কংস বণিকের জামিন মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, জেলা ও দায়রা জজ মহোদয় বাদী বিবাদী পক্ষের কথা শোনার পর অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে অ্যাডভোকেট ছোটনের জামিন মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *