Uncategorized

টঙ্গীতে ছিনতাইকারী বাড়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি :- মির্জা নাদিম

টঙ্গীতে ছিনতাইকারী বেড়ে যাওয়ার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক সময়ে টঙ্গীতে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সাধারণ মানুষের চলাচল বিপর্যস্ত হয়ে পড়ছে। ছিনতাইকারীদের দৌরাত্ম্যে শিক্ষার্থীরাও নিরাপদ নয়। সড়কে চলাফেরার সময় দিনের বেলায়ও তারা ছিনতাইয়ের শিকার হচ্ছেন।

বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, “ছিনতাইকারীদের পৃষ্ঠপোষক কারা? প্রশাসন কেন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না?” তারা ছিনতাই রোধে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ছাত্রদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল প্রায় কয়েক ঘণ্টা বন্ধ থাকে। দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও শিক্ষার্থীরা দাবি আদায়ে অনড় ছিলেন।

বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, “ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে। শিক্ষার্থী এবং জনগণের নিরাপত্তা দ্রুত নিশ্চিত করা হবে।”

টঙ্গীতে ছিনতাইয়ের বিরুদ্ধে এই বিক্ষোভ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এলাকাবাসীও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *