Uncategorized

টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র স্থাপন

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
পবিত্র মাহে রমজান উপলক্ষে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। আজ রবিবার (২ মার্চ) সকাল থেকে টঙ্গী পূর্ব থানার ৫০ নং ওয়ার্ডের কাজীপাড়া পুকুরপাড়ে এ কেন্দ্র স্থাপন করা হয়। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে ন্যায্য দামে ছোলা, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ডাল ও চিনি বিক্রি করা হচ্ছে।

এই মানবিক কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফজলে রাব্বি ও টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল নেতা লিমন মিয়া। পাশাপাশি, ৫০ নং ওয়ার্ড ছাত্রদল এ কার্যক্রমে সহযোগিতা করছে।

উদ্যোগটি পরিদর্শন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন কাজী। তিনি ছাত্রদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।”

টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফজলে রাব্বি বলেন, “রমজানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই, সাধারণ মানুষ ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারুক। একই সঙ্গে সরকারের প্রতি আমাদের দাবি, যেন কালোবাজারি সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়।”

স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে, যা স্বল্প আয়ের মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে উঠছে। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *