বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেল্প ডেস্ক

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুরের উদ্যোগে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষের নেতৃত্বে এবং যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ বাপ্পীর তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইজতেমায় দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি হেল্প ডেস্কের মাধ্যমে মুসল্লিদের যাতায়াত, তথ্য ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে। এতে প্রতিদিন হাজার হাজার মুসল্লি সেবা গ্রহণ করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ বলেন, “বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সহায়তা দিতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের সামাজিক দায়িত্বের অংশ।”
যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ বাপ্পী জানান, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করা। আমরা দিনরাত নিরলসভাবে কাজ করছি, যাতে কেউ কোনো অসুবিধায় না পড়েন।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব ইজতেমার শেষ দিন পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেল্প ডেস্ক চালু থাকবে। এতে অংশ নিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক, চিকিৎসক ও শিক্ষার্থী, যারা বিনামূল্যে সেবা দিচ্ছেন।
এই মানবিক উদ্যোগকে ইজতেমায় আসা মুসল্লিরা সাধুবাদ জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
