টঙ্গীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা
বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ১টা ৭ মিনিটে।
আখেরি মোনাজাতে দিল্লির নিজামুদ্দিন মারকাজের প্রধান মুরুব্বী মাওলানা সাদ কান্দালভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ প্রথম ১১ মিনিট পবিত্র কুরআনের আয়াত থেকে দোয়া পাঠ করেন। এরপর হিন্দি ও উর্দু ভাষায় ১৯ মিনিট দোয়া পরিচালনা করেন।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে দেশ-বিদেশ থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি তুরাগ তীরে সমবেত হন। মোনাজাতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ, বিশ্ব শান্তি, মুক্তি এবং সব ধরনের বালা-মুসিবত থেকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
মোনাজাত চলাকালে মুসল্লিদের অশ্রুসিক্ত কান্না আর “আল্লাহুম্মা আমিন” ধ্বনিতে তুরাগ তীরে সৃষ্টি হয় এক বিশেষ ধর্মীয় আবহ। দেশ-বিদেশের মুসলমানরা টেলিভিশন ও মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি মোনাজাতে যুক্ত হন।
উল্লেখ্য, তিন পর্বে অনুষ্ঠিত এবারের বিশ্ব ইজতেমার শেষ দিনেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা সম্মিলিতভাবে কাজ করেন।
