Uncategorized

টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

মির্জা নাদিম
গাজীপুরের টঙ্গীর সিংবাড়ি মোড় এলাকায় অবস্থিত বারাকা ফ্যাশন লিমিটেড কারখানায় বৃহস্পতিবার রাতে টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। রাত প্রায় নয়টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং আশপাশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়।

কারখানা সূত্রে জানা যায়, ওই রাতে প্রায় এক হাজার শ্রমিককে ওভারটাইমে কাজ করানোর জন্য রাখা হয়। রাত আটটার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের জন্য টিফিন সরবরাহ করে। টিফিন খাওয়ার পরই শ্রমিকদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিতে থাকে।

বারাকা ফ্যাশন লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, “অসুস্থ শ্রমিকদের প্রথমে কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সংখ্যা বাড়তে থাকায় তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।”

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে অসুস্থতার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রসঙ্গত, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ধরনের অসুস্থতার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে কারখানার সরবরাহকৃত টিফিনের নমুনা পরীক্ষার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *