গাজীপুর সিটির ৫২ নম্বর ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণে উত্তেজনা রাজনৈতিক টানাপোড়েন নিয়ে প্রশ্ন

গাজীপুর প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন নেতাকর্মীদের। জানা গেছে, এর অংশ হিসেবে ৫২ নম্বর ওয়ার্ডে বিতরণ কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজলকে।
তবে এই কর্মসূচিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, ঈদ সামগ্রী বিতরণের দায়িত্ব না পাওয়াকে কেন্দ্র করে থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদ অসন্তোষ প্রকাশ করেন। জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি ৫২ নম্বর ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন ভিপি আসাদ ও তার অনুসারীরা। তিনি সেখানে উপস্থিত হয়ে প্রশাসকের এই কার্যক্রমে তাকে কেন অবহিত করা হয়নি বা দাওয়াত দেওয়া হয়নি—এ বিষয়ে প্রশ্ন তোলেন। এ সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে সাময়িকভাবে কর্মসূচির স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই সময় উপস্থিত উপকারভোগীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি দেখা দেয়।
এবিষয়ে সেলিম কাজল জানান,প্রতি বছর আমি এলাকায় ৭০০-৮০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি আমার ব্যক্তিগত উদ্যেগে। এই বছরও সিটি প্রশাসকের উপহারের পাশাপাশি আমার ব্যক্তিগতও বিতরণ করছি। আমি সব সময় এলাকার মানুষের সাথে থাকার চেষ্টা করি। এলাকার সকল উন্নয়নে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। ঈদ উপহার বিতরণকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তা দুঃখ জনক।
এ বিষয়ে সংশ্লিষ্টদের একটি অংশ মনে করছেন, ব্যক্তিগত মতবিরোধ বা প্রতিযোগিতার জেরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকতে পারে।
তবে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, জনকল্যাণমূলক কর্মসূচিকে ঘিরে এ ধরনের অভিযোগ ও উত্তেজনা অনভিপ্রেত। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।
