Uncategorized

টঙ্গীতে ভুল চিকিৎসায় নবজাতক হত্যার অভিযোগ, থানায় মামলা

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
গাজীপুরের টঙ্গীতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, টঙ্গীর টিএন্ডটি এলাকার বাসিন্দা মো. খোকন মিয়া ও তার স্ত্রী আয়েশা খাতুন সন্তান জন্মদানের জন্য নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে যান। গর্ভধারণের মেয়াদ এখনও ২০ দিন বাকি থাকলেও, চিকিৎসকরা জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশন করানোর জন্য ভয়ভীতি দেখান। একপর্যায়ে ২৮ হাজার টাকায় চুক্তি করে অস্ত্রোপচার করান খোকন মিয়া।

অপারেশনের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাদের এক সন্তান মৃত জন্ম নিয়েছে। তবে, নিহত শিশুর বাবা অভিযোগ করেন, তার নবজাতক সন্তানকে হত্যা করা হয়েছে এবং লাশ গুমের চেষ্টা চালানো হয়। নিহত শিশুর স্বজনদের দাবি, নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যার প্রমাণ।

এ ঘটনায় নবজাতকের বাবা মো. খোকন মিয়া টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত হাসপাতালের পরিচালক ডা. কামরুল ইসলাম মতিউর রহমান ও রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, “মামলা দায়ের করা হয়েছে, শিশুর ময়নাতদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, “আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছি। দোষীদের আইনের আওতায় আনা হবে।”

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, অভিযুক্ত হাসপাতালের চিকিৎসক ও পরিচালকদের একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *