Uncategorized

বিদ্যুৎ সংযোগ না থাকায় ফুলগাজীর আনন্দপুরে ২২৫ একর জমিতে বোরো আবাদ ব্যাহত

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুরের হাসানপুর বড় পাথর নামে পরিচিত কৃষি মাঠে বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রায় ২২৫ একর জমি বোরো ধান চাষের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকেরা। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বড় পাথরে সরকারিভাবে নতুন করে বোরো ধান চাষের জন্য সেচ স্কিম দেওয়া হলেও বিদ্যুৎ সংযোগ স্থাপন দেওয়া হয়নি। বিদ্যুতের সংযোগ না থাকায় সেচ কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। ফলে পুরো মৌসুমে এসব জমিতে আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।

সরেজমিনে কয়েক জন কৃষক দৈনিক এবেলা কে জানান, পূর্বে এই এলাকার জমিতে নিয়মিত ধানসহ বিভিন্ন ফসল চাষ করে তারা জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে বিদ্যুৎ সুবিধা না থাকায় জমিগুলো প্রায় অকেজো হয়ে আছে। এতে কৃষক পরিবারগুলোর আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগী কৃষকদের দাবি, দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান করে সেচ স্কিমটি কার্যকর করা হলে পুনরায় বোরো ধান চাষ সম্ভব হবে এবং কৃষকদের জীবন-জীবিকা রক্ষা পাবে।

এ বিষয়ে স্থানীয় কৃষকেরা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *