ফেনীতে রহমতের আশায় অঝোরে কাঁদলেন মুসল্লিরা
সদর প্রতিনিধি
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। তাই বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ আদায় করা হয়েছে ফেনীতে । চোখের জল ফেলে রহমতের বৃষ্টি চাইলেন হাজারো মানুষ। বুধবার ১১টার দিকে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন এলাকায় কয়েক হাজার মানুষ অংশ নেন। নামাজের জামাতে ইমামতি করেছেন মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি আবদুল হান্নান। নামাজের আগে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বক্তারা। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজে আগত মুসল্লিরা বলেন, তীব্র খরতাপে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের আশায় নামাজ আদায় করে বৃষ্টি প্রার্থনা করতে সকলে সমবেত হয়েছেন।
বক্তব্যে মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, টানা তাপপ্রবাহে মানুষ খুব কষ্টে আছে। আল্লাহ বৃষ্টির জন্য সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। সেজন্যই সবাই একত্রিত হয়ে সালাতুল ইস্তিসকা আদায় করেছি।

