জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

“সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে” – ফুলগাজীতে জেলা প্রশাসকআসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক”সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে” – ফুলগাজীতে জেলা প্রশাসক

মহিউদ্দিন সেজু

ফুলগাজীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তারা ফুলগাজী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন রুবাইয়াত বিন করিম, র‍্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান, বিজিবি ফেনী ব্যাটালিয়নের কমান্ডার মোহাম্মদ মোশাররফ হোসেন এবং আনসার কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহরিয়া ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান। এছাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দত্তসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “ফেনীর একটি ঐতিহ্য রয়েছে। এখানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অতীতে পালিত হয়েছে। এবারও যাতে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়, এজন্য আমরা সকলের সহযোগিতা চাই।”

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “ফেনী জেলায় সবার মধ্যে একটি সম্প্রীতির অটুট বন্ধন রয়েছে। এই সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসবকে আমরা উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কাজ করছি।”

পরিদর্শনকালে তারা ফুলগাজীর বনিকপাড়া এলাকার দক্ষিণেশ্বরী কালী মন্দির, মধ্যম দুর্গাবাড়ি মন্দির এবং সাহাপাড়া শিব মন্দিরের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন ও আয়োজকদের সাথে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *