ফুলগাজীতে ২ গ্রেনেড উদ্ধার
মহিউদ্দিন সেজু
ফেনীর ফুলগাজীতে দু’টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় কৃষক মামুন দক্ষিণ ধর্মপুর ২ নম্বর ওয়ার্ডে মাঠে গরু নিয়ে মাঠে যায়। এ সময় ওই এলাকার সুজামিয়া প্রধানের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে গাছের গোড়ায় দু’টি গ্রেনেড দেখতে পান। এতে আতঙ্কিত হয়ে তিনি। এ খবর স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে এবং গ্রেনেড উদ্ধারের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
ফুলগাজী থানায় পুলিশের ধারণা, গ্রেনেড দু’টি বহু পুরোনো। দীর্ঘদিন ধরে মাটির নিচে পুঁতে রাখা ছিল। সাম্প্রতিক বৃষ্টি ও বন্যার কারণে ওপরের মাটি সরে গিয়ে গ্রেনেড দু’টি দৃশ্যমান হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে যাই। এছাড়া সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
