পথসভা শেষে জনতার মাঝে নগদ টাকা বিলিয়ে দিচ্ছে স্থানীয় ইউপি চেয়ারম্যান
ফেনীতে নৌকার প্রার্থীর প্রচার শেষে জনতার মাঝে নগদ টাকা বিলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক চেয়ারম্যানের বিরুদ্ধে। শর্শদী ইউনিয়নের জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে সোমবার এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর প্রচারে ছিলেন। প্রচার শেষে জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নারীদের হাতে নগদ টাকা দিতে দেখা যায় তাঁকে।
ফেনীতে ভোটের মাঠে নৌকার প্রচারে নেমেছেন ফেনী–২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। সোমবার সকালে সদর উপজেলার নোয়াবাদ, মোহাম্মদ আলী বাজার, নিমতলা, শর্শদী বাজার, আবুপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে পথসভা করেন তিনি। সড়কের দুপাশের মানুষ তাঁকে স্বাগত জানায়।
এ সময় ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দেন নিজাম উদ্দিন হাজারী। নেতা–কর্মী ও সমর্থকদের তিনি জালভোট ও ভোটকেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, সে বিষয়ে সতর্ক করেন। ৭ তারিখের নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
গণসংযোগ শেষে প্রার্থী চলে যাওয়ার পর শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞাকে শর্শদী ইউনিয়নের জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নারীদের হাতে নগদ টাকা দিতে দেখা যায়। অনেকের হাতে এমপির ছবি সংবলিত রঙিন প্যাকেটে খাবারও সরবরাহ করতে দেখা গেছে। এ সময় উপস্থিত নারী–পুরুষ খাবারের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি করতে থাকেন।
টাকা বিলির বিষয়টি অস্বীকার করে জানে আলম বলেন, ‘সবসময় গরীব–দুঃখীদের সাহায্য করে থাকি’। ভিডিওর বিষয়ে তিনি বলেন, ‘আমার সাথে কোনো প্রার্থী ছিলেন না। আমি নিজেও কোনো প্রার্থী না। সুতরাং জনসংযোগে টাকা বিলির প্রশ্নই আসে না। প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহীনা আক্তার বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেউ কোনো অভিযোগ দিলে অথবা গণমাধ্যমে কোনো খবর পেলেও সে অনুযায়ী ব্যবস্থা নেব। আচরণবিধি পর্যবেক্ষণে কাজ করছে নির্বাচনী অনুসন্ধান টিম।’

