ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের অনশন
আন্তজাতিক ডেক্স
ইসরায়েলি নৌবাহিনীর অবৈধ অভিযানে আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকারকর্মীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অন গাজা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক জলসীমায় আটক ওই কর্মীদের সামনে গিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনগভির তাদেরকে প্রকাশ্যে ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেন। বিবৃতিতে সংগঠনটি এ মন্তব্যকে তীব্র নিন্দা জানায়।
এক্স প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে বলা হয়, “গণহত্যার দায়ে অভিযুক্ত রাষ্ট্রের মন্ত্রী থেকে ভিন্ন কোনো আচরণ আমরা আশা করিনি। তিনি তার দেহরক্ষীদের বলয়ের আড়ালে দাঁড়িয়ে ৫০টি দেশের শান্তিকামী নাগরিকদের সামনে উদ্ধতভাবে বক্তব্য রেখেছেন।”
সংগঠনটি আরও জানায়, আটক কর্মীরা সম্পূর্ণ অহিংস উপায়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করেই কেবল মানবিক দায়িত্ব থেকে গাজার অবৈধ অবরোধ ভাঙার উদ্যোগ নিয়েছিলেন তারা।
