আন্তর্জাতিকজাতীয়সর্বশেষসারাদেশ

বাংলাদেশিকে আটক করতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অপহরণ চক্রের সদস্য এক বাংলাদেশিকে ধরিয়ে দিতে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। অভিযুক্ত ওই বাংলাদেশির নাম রুহেল চৌধুরী।

তার বিরুদ্ধে নিউইয়র্কে দুজনকে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক ডেইলি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কুইন্সের রাস্তা থেকে দু’জনকে অপহরণের ঘটনায় জড়িত সাতজন সন্দেহভাজনের মধ্যে ৩৪ বছর বয়সী রুহেল চৌধুরী হচ্ছে শেষ ব্যক্তি। এছাড়া ৩৪ বছর বয়সী এই বাংলাদেশিকে ধরিয়ে দিতে গত ১ মার্চ এফবিআই একটি পোস্টারও প্রকাশ করে। 

এফবিআইয়ের তথ্য অনুসারে, ৩৪ বছর বয়সী আবু চৌধুরী এবং তার স্ত্রী ২৪ বছর বয়সী ইফফাত লুবনাসহ আরও ছয়জন ষড়যন্ত্রকারীকে গত বছর এবং চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছে।

ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, গত বছরের ২৭ মার্চ জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের কাছে ১৮১তম সেন্ট থেকে অপহরণকারীরা প্রথম এক ব্যক্তিকে তুলে নেয়। রুহেল চৌধুরী ব্যবহৃত গাড়ির ব্যবসা করেন এবং তার সরবরাহ করা একটি হোন্ডা এসইউভিতে জোর করে ভুক্তভোগীকে তুলে নেন আবু চৌধুরী।

পরে আবু চৌধুরী ভুক্তভোগীকে গাড়ির মধ্যে মারধর করেন এবং রুহেল চৌধুরী এসময় নিজেই ওই গাড়িটি চালাচ্ছিলেন বলেও জানিয়েছেন প্রসিকিউটররা।

প্রসিকিউটররা বলছেন, সন্দেহভাজন সৈয়দ রুবেল আহমেদ, শাহেদ আলম, আনজু খান এবং সুলতানা রাজিয়াকে সঙ্গে নিয়ে রুহেল চৌধুরী সারারাত ভিকটিমকে মারধর করার পাশাপাশি হুমকিও দেন।

এফবিআই জানায়, অভিযুক্ত লুবনা গত বছরের ১১ মে কুইন্সের উডসাইডে একটি রেস্তোরাঁয় দ্বিতীয় এক ভুক্তভোগীকে ডেকে আনে। ফেডারেল তদন্তকারীরা বলছেন, সেখানে লুবনার স্বামী লোকটিকে অতর্কিত আক্রমণ করে এবং তাকে একটি মিনিভ্যানে জোর করে নিয়ে যায়। এই গাড়িটিও রুহেল চৌধুরী সরবরাহ করেছিলেন এবং তিনি নিজেই সেটি চালাচ্ছিলেন। 

পরে রুহেল চৌধুরী ভিকটিমকে একটি হোটেলে নিয়ে গেলে তার সহযোগীরা ভিকটিমকে মারধর করে। এছাড়া হোটেলে আবু চৌধুরী ওই ব্যক্তিকে যৌন হয়রানি করেছিলেন বলেও দাবি করেছেন প্রসিকিউটররা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *