জাতীয়সর্বশেষসারাদেশ

ফেনীতে চেতনানাশক ছিটিয়ে ৩টি ঘরের ১২লাখ টাকার মালামাল লুট

জহিরুল আলম কামরুল

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর নেয়াজপুর গ্রামের খলিল মাঝি বাড়িতে চোরেরা চেতনানাশক গায়ে ছিটিয়ে তিনটি পরিবারের সদস্যদের অচেতন করে প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণলাংকর ও মালামাল চুরি করে নিয়ে যায়। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হন পরিবারের সদস্যগণ।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে মো: ইমাম হোসেন (৩৫) বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানায়, ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর নেয়াজপুর গ্রামের খলিল মাঝি বাড়ির আমজাদ হোসেন বাবুলের মা অসুস্থ হওয়ায় তার মাকে নিয়ে ৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তখন বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে বুধবার (৮ নভেম্বর) রাত অনুমান ২ ঘটিকার মধ্যে চোররা ঘরের পিছন দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে। চোরেরা ঘরের আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণ যাহার মূল্য ৯ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। পরে চোরেরা আমজাদের জেঠাতো ভাই ছালে আহাম্মদের ঘরে প্রবেশ করে ঘুমের মধ্যে চেতনানাশক গায়ে ছিটিয়ে সকলকে অচেতন করে ২ ভরি ওজনের স্বর্ণ যাহার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা চুরি করে এবং চোরোরা অপর জেঠাতো ভাই মনির আহাম্মদের ঘরে প্রবেশ করে সকলকে অচেতন করে ১২ ভরি ওজনের স্বর্ণ যাহার মূল্য ১০ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। পরের দিন অনুমান ১০/১২ ঘন্টা পরে পাশের ঘরের লোকজন তাদের কোন সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করে তাদের ঘুম থেকে উঠানোর চেষ্টা করে।
স্থানীয়রা চুম্পা আক্তার, মো: শ্রাবণ ও মো: সামির, ছালেহ আহম্মদ, খোদেজা আক্তার, শারমিন আক্তার, মনির আহম্মদ ও মনোয়ারা বেগম কে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসা নিয়ে অন্যরা চলে গেলেও মনির আহম্মদ (৬০) ও মনোয়ারা বেগম (৫৫) শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘরের স্বর্ণলাংকর ও মালামাল চুরির বিষয়ে আমজাদকে মোবাইলে অবগত করলে ঢাকা থেকে দ্রত বাড়িতে এসে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় লিখিত অভিযোগ করেন।
আমজাদ হোসেন বাবুল বলেন, আমি তের বছর পর দুবাই থেকে দেশে আসি। আমার মা অসুস্থ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এদিকে চোরেরা আমাদের ঘরে ঢুকে চেতনানাশক গায়ে ছিটিয়ে সকলকে অচেতন করে তিন পরিবারের প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ২৪ ভরি স্বর্ণ ও মালামাল চুরি করে নিয়ে যায়। পরিবারের নয়জন সদস্যের মধ্যে এখনও অচেতন অবস্থায় দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা প্রবাসীরা সরকারের কাছে জানমালের নিরাপত্তা চাই।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নিজাম উদ্দিন বলেন, জায়লস্কর ইউনিয়নের উত্তর নেয়াজপুর গ্রামের খলিল মাঝি বাড়িতে চেতনানাশক গায়ে ছিটিয়ে অচেতন করে চুরির খবর শুনেছি। বিষয়টি তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *