জেলার উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ আলাউদ্দিন নাসিম কলেজের নবীন বরণ
গাজী মাসুদ রানা
ফেনীর উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক জহিরুল ইসলাম রাজুর পরিচালনায় এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাজমুন নাহার ও আফিফা ইশরাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইফতেখায়রুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইফতেখায়রুল ইসলাম চৌধুরী বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে সুশিক্ষিত প্রজন্মের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু বইপড়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মেধা ও মনন দিয়েই জাতি এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আবদুল ওয়াহিদ মোহাম্মদ সালেহ ও পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম. এ হাসান।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের প্রভাষক মো. সেলিম উদ্দিন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক আবু হানিফ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলায় বক্তব্য রাখেন মেহেরাজ হোসেন এবং ইংরেজিতে বক্তব্য রাখেন মুনতাহিনা জান্নাত শাম্মী।
অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতির বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বিটিভি ও বাংলাদেশ বেতারের শিল্পী রিয়া সাহাসহ কলেজের আরও একাধিক শিল্পী সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। মনোজ্ঞ এ সাংস্কৃতিক পর্ব উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।
এছাড়া যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক কাজী সালমা আক্তার, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক আ.ছ.ম ফজলুল করিম সম্রাটসহ সকল শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

