ফেনীর ডিসি অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিভার সভা
শহর প্রতিনিধি
ফেনীতে ৪ আগস্ট গণহত্যায় সহযোগিতার অভিযোগে জেলা প্রশাসক (ডিসি) শাহীনা আক্তারের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্রসমাজ। বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য রাখেন সোহরাব হোসেন, সালাউদ্দিন শাওয়ন, আবু জাফর, নাঈম ফরাজি, মইনুল ইসলাম, সিয়াম, নোমান, রাদিয়া,বিথী প্রমূখ। এ সময় শিক্ষার্থীরা বলেন, ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে দুজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবি উপস্থিত থেকেও কোনো সহযোগিতা করেননি। আমরা ডিসির কাছে আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরির জন্য বারবার অনুরোধ করেও কোন কাজ করেননি। তাই ওই গণহত্যার সহযোগী হিসাবে জেলা প্রশাসক শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবি করে তারা।

