ফেনী ও চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর
বিশেষ প্রতিনিধি
সৌদির সাথে মিল রেখে ফেনীর পরশুরাম, ফাজিলপুর, চাঁদপুরের হাজীগঞ্জসহ জেলার অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুরের সাদ্রা দরবার শরীফের ঈদ গা মাঠে ঈদুল ফিতরের জামায়াত সম্পন্ন হয়। এতে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাও. মুফতি জাকারিয়া আল মাদানী ও দ্বিতীয় ঈদের জামায়াতে ইমামতি করেন আরিফুর রহমান সাদ্রাভী। ১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বাংলাদেশে থেকেও সৌদি আরবের নিয়মে তাদের সাথে মিল রেখে রোজা, পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহা পালনের প্রচলন শুরু করেন। আর এরপরই তার দেখাদেখি তার অনুসারিগণ চাঁদপুরের অর্ধশত গ্রামে আগাম রোজা ও আগাম ঈদ পালন করে আসছেন। এ বিষয়ে বর্তমান পীরের ছেলে সাহেবজাদা ড. বাকী বিল্লাহ্ মিশকাত চৌধুরী বলেন, হানাফি, মালেকি ও হাম্বলি এ তিন মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তেও যদি চাঁদ দেখা যায়। আর সে সংবাদ যদি নির্ভরযোগ্য মাধ্যমে পৃথিবীর পূর্ব প্রান্তেও পৌঁছায়। তাহলে পূর্ব প্রান্তের মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ এবং ঈদ করা ওয়াজিব।

