সানন্দে দূর্গাপূজা পালন করার জন্য আশ্বস্ত করলেন ফেনী জেলা জামায়াত’
সদর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ফেনী জেলা পূজা পরিষদের মতবিনিময় সভা শনিবার (৫ অক্টোবর) শহরের জয়কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।
প্রধান অতিথি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আল্লাহর জমিনে আমরা সবাই মানুষ। ধর্মীয় কারণে আমাদের মাঝে কোনো বিভাজন করা যাবে না। আমরা সবাই এদেশের নাগরিক। যেমন, হিন্দ, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈন সবাই মানুষ। তিনি বলেন, আপনাদের মন্দির আপনারা পাহারা দিবেন, অন্য কারো লাগবে না। আপনারা শিরদাঁড়া সোজা করে দাঁড়ান। কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা করাকে আল্লাহ আল-কোরআনে হারাম ঘোষণা করেছেন। তিনি সনাতনীদের সানন্দে দূর্গাপূজা পালন করার জন্য আশ্বস্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা জামায়াতের আমীর এ কে এম সামছুদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি মুফতি মাওলানা আবদুল হান্নান, সহ সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিরা লাল চক্রবর্তীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য এডভোকেট সমীর চন্দ্র কর।
বক্তব্য রাখেন- জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, জেলা পূজা পরিষদের অন্যতম সদস্য তপন কর, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন দাস, ফেনী সদর পূজা পরিষদের সভাপতি তপন বসাক, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ প্রমুখ।

