অন্যান্যজাতীয়প্রচ্ছদবিনোদনরাজনীতিসর্বশেষসারাদেশ

ছাগলনাইয়ায় ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড় জব্দ, আটক ৩

বিশেষ প্রতিনিধি
ফেনীর ডিবি পুলিশ ও ছাগলনাইয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কাপড়সহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ভারতীয় শাড়ি-কাপড়ের ৩৫ গাইট, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানাধীন ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমূড়া গ্রামের ঈদগাহের উত্তর পাশের সড়কে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার, প্রত্যুষ মজুমদারের সার্বিক তত্ত্বাবধান ও ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় ফেনী-ড-০৮৩৮ রেজিস্ট্রেশন নম্বরের একটি মিনি পিকআপের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে পিকআপের ভেতর থেকে ৩৫ গাইট ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, ভারতীয় শাড়ি-কাপড়ের গাইটগুলো সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে ফেনী নদী দিয়ে বোটযোগে পণ্যগুলো পার করে এনে মিনি পিকআপে বোঝাই করা হয়। এরপর সেগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশের এই অভিযানের ফলে সীমান্তপথে ভারতীয় পণ্য চোরাচালানের একটি চালান আটকের পাশাপাশি এর সঙ্গে জড়িত একটি পরিবহন ব্যবস্থার তথ্যও সামনে এসেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পণ্যগুলোর উৎস, চালানের সঙ্গে জড়িত ব্যক্তি এবং চট্টগ্রামে সম্ভাব্য গ্রহীতাদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্তবর্তী নদীপথ ব্যবহার করে রাতের আঁধারে চোরাচালানের মাধ্যমে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর ক্ষেত্রে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে। পুলিশের এই অভিযান সেই চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে সহায়ক হতে পারে।
জব্দ করা ভারতীয় শাড়ি-কাপড় ও মিনি পিকআপ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *