ফেনীতে সাংবাদিক নেতা এম আবদুল্লাহ বলেন ফ্যাসিবাদের প্রথম টার্গেট থাকে গণমাধ্যম
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে শেষ করার দাবি জানিয়ে বলেছেন,দেশে বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিহত সাংবাদিক তুহিনের স্ত্রী ও দুই শিশু সন্তানের পাশে থাকবে। যে কোনো দেশের ফ্যাসিবাদের প্রথম টার্গেট থাকে গণমাধ্যম। এই কারণে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসেই গণমাধ্যমের টুটি চেপে ধরেছে।
সোমবার রাতে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম আবদুল্লাহ আরও বলেন, সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থাকলে দুর্বৃত্ত চক্রের কালো হাত গুড়িয়ে দেওয়া সম্ভব। তিনি বিগত ফ্যাসিবাদী শাসনে সারাদেশে ৬১ জন সাংবাদিক হত্যা এবং সাড়ে তিন হাজার সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে বলে উল্লেখ করে বলেন, হাসিনা সরকার সাংবাদিক হত্যা- নির্যাতনকে এক ধরনের বৈধতা দিয়েছিল। ভিন্নমতের সংবাদমাধ্যম বন্ধ ও সম্পাদক- সাংবাদিক নিপীড়ন নৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছিল। এখন আর সাংবাদিক নিপীড়নে রাষ্ট্রীয় আস্কারা নেই। হত্যা- নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা আইন শীঘ্রই অধ্যাদেশ আকারে জারি হবে। এ আইনে সাংবাদিকদের শারিরীক ও আর্থিক নিরাপত্তায় অনেকগুলো ভালো পদক্ষেপের কথা বলা হয়েছে। সাংবাদিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি দায়িত্বের বিষয়েও সচেতন থাকা জরুরি। তা না হলে এ সুরক্ষা টেকসই না-ও হতে পারে।
ফেনীকে বাংলাদেশের সাংবাদিকতার সূতিকাগার হিসেবে বর্ণনা করে সাংবাদিক নেতা এম আবদুল্লাহ বলেন, দেশের দিকপাল সাংবাদিকদের বেশীরভাগই ফেনীর মাটিতে জন্মেছেন। তাদের হাতে গড়া সাংবাদিকেরা এখনও মিডিয়া জগতে নেতৃত্ব দিচ্ছেন। ফেনীর এই গৌরব ও অহংকার অক্ষুণ্ণ রাখতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির প্রকাশক ও প্রধান সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক এস এম মাসুম বিল্লাহ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, এ কে এম আবদুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, স্টার লাইন গ্রুপের পরিচালক জাফর উদ্দিন, খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, শহর ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক, এনপিপির নেতা শাহ ওয়ালী উল্যাহ মানিক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইসমাইল হোসেন, স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশায় লোকজন। অনুষ্ঠানের প্রধান অতিথিকে এবং পত্রিকার সম্পাদক পরিষদকে দৈনিক আমার দেশ পাঠক মেলা ফেনী জেলা কমিটিসহ বিভিন্ন শ্রেণীর লোকজন ফুলেল শুভেচছা জানান।

