অবশেষে নদীর বাঁধ ভেঙে দিলো ফুলগাজী প্রশাসন,কৃষকের হাসি
মহিউদ্দিন সেজু
ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলার গতিয়া খালে অবৈধ মাছ শিকারের বাঁধ ও জাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আখতার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় কৃষক ও পুলিশ জানান , জিএমহাট ইউনিয়নের নুরপুর ব্রিকসের উত্তর পাশ থেকে হাসানপুর ব্রিজ পর্যন্ত খালের বিভিন্ন স্থানে স্থানীয় কিছু ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে একাধিক বাঁধ ও জাল বসিয়ে রাখেন। এর ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে ইউনিয়নের প্রায় ১৫০ একর আমন ধানের জমি পানিতে তলিয়ে যায়। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব বাঁধ থাকার কারণে জমিতে পানি জমে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অবশেষে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত খালের সব বাঁধ, বাঁশ ও জালসহ অবৈধভাবে পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী সবকিছু অপসারণ করে। এতে নদীর পানির স্বাভাবিক স্রোত ফিরে আসে এবং কৃষকদের জমি থেকে ধীরে ধীরে পানি নেমে যেতে শুরু করে।
অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই পদক্ষেপ না নিলে আমাদের ফসল নষ্ট হয়ে যেত। আমরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

