জুলাই সনদে স্বাক্ষর: “বর্বরতা থেকে সভ্যতার পথে বাংলাদেশ” — ড. ইউনূস
বিশেষ প্রতিনিধি ঃ
বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষরের মাধ্যমে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শুক্রবার আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করেন, যার মধ্য দিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যের এক নজির স্থাপন করলো।
অনুষ্ঠানে প্রথমে বিএনপি, জামায়াতসহ উপস্থিত রাজনৈতিক দলের নেতারা সনদে স্বাক্ষর করেন। এরপর জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস তার স্বাক্ষরের মাধ্যমে ঐতিহাসিক এই প্রক্রিয়াকে চূড়ান্ত করেন।
ড. ইউনূস বলেন, “প্রথমে মনে হয়েছিল, এতগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছানো অসম্ভব হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে, ইচ্ছা থাকলে অসম্ভবও সম্ভব করা যায়। এই সনদ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের জন্যও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা বর্বরতা থেকে সভ্যতায় পৌঁছেছি এই সনদের মাধ্যমে। আমাদের লক্ষ্য এমন এক সভ্য বাংলাদেশ গড়া, যাকে দেখে বিশ্ব ঈর্ষা করবে। দেশীয় সম্পদ, বিশেষ করে বঙ্গোপসাগরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা অসীম উন্নতির পথে যেতে পারি।”
গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “তাদের ত্যাগের কারণেই আজ আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। নতুন বাংলাদেশ গঠনের এই যাত্রায় তাদের অবদান চিরস্মরণীয় থাকবে। এই স্বাক্ষরের মধ্য দিয়েই আমাদের নবজন্ম ঘটেছে।”
