নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় ইহুদিদের অনুপ্রবেশ! সৌদি আরবের নিন্দা
এবেলা ডেক্স
দখলদার ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে প্রায় ১,৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।
আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলি কর্মকর্তাদের কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানিয়েছে, “সৌদি আরব ইসরায়েলি কর্মকর্তারা ও দখলদার বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের দ্বারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দখল প্রচেষ্টার কঠোর নিন্দা জানায়, এবং আল-আকসার পবিত্রতার ওপর নিরবচ্ছিন্ন হামলার তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করে।”
স্থানীয় সময় বুধবার ইহুদি ধর্মীয় উৎসব সুকোটের দ্বিতীয় দিনে বেন-গাভিরের নেতৃত্বে এই ঘটনা ঘটে। এই বসতি স্থাপনকারীরা অবৈধভাবে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন।
আল-আকসা মসজিদ বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিনিরা এটিকে নিজেদের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে দেখে। স্থিতাবস্থা নীতি (Status Quo) অনুযায়ী, এই স্থানে শুধুমাত্র মুসলিমরাই প্রার্থনা করতে পারবেন। যদিও আন্তর্জাতিকভাবে ইহুদিদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ, তবুও দখলদার ইসরায়েল এসবের তোয়াক্কা করছে না।
মসজিদ প্রাঙ্গণের প্রশাসনিক দায়িত্বে জর্ডান-নিযুক্ত ইসলামিক ওয়াকফ বিভাগ থাকলেও, নিরাপত্তা নিয়ন্ত্রণ করে থাকে ইসরায়েলি পুলিশ।

