ফেনীতে দুইদিন ব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী
শহর প্রতিনিধি
ফেনীতে দুইদিনব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোমবার শহরের জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চতুর্থবারের মতো ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় দৈনিক ‘ফেনীর সময়’।
জেলা প্রশাসক মনিরা হক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট তুলে দেন। দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও বাচিক শিল্পী আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার, জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব, জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তী, হাজী নজির আহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আজম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান।
প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও উন্মুক্ত বিভাগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪শত প্রতিযোগী অংশ নেয়। এরমধ্যে প্রতিটি গ্রুপে বালক ও বালিকা পৃথকভাবে ১ম,২য়,৩য় স্থান অর্জনকারী ৪৫ জনকে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।
এর আগে রবিবার সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার। দুপুরে প্রথমপর্বে উত্তীর্ণ ১শ ৪৫জন প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, “আমরা স্কুলে এবং মাদরাসায় যে সময়টা অতিবাহিত করি সেটা আসলে আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ সময়। আমরা ভবিষ্যতে কি হবো কি করবো সেটা আমাদের প্রথম পদক্ষেপটা তখনি রচিত হয়। এটা ক্রমাগত চর্চার মাধ্যমে অভিভাবকদের সহায়তায় বিকশিত হয়ে উঠে। দৈনিক ফেনীর সময়ের এ আয়োজন আমাদের দৈনিক যে শিক্ষাক্রমের পাশাপাশি এ ধরনের আয়োজন যদি থাকে, আমাদের শিক্ষার্থীরা যদি এসবে থাকে তাহলে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সহায়ক হবে।”
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান।

