ফুলগাজীতে বিশেষ অভিযানে ইয়াবা সহ দুই জন আটক
মহিউদ্দিন খন্দকার
ফেনীর ফুলগাজীতে বিশেষ অভিযানে ইয়াবা সহ দুই জন কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামি কে মাদক আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক মোঃ নুরুল ইসলাম, এসআই কাজী মোঃ জাহাঙ্গীর আলম ও অন্যান্য পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি টিম সদর ইউনিয়নের উত্তর নিলক্ষী ভূঁইয়ার বাড়ির রাস্তার মুখে ব্রিজের উপর অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন সাইফুল ইসলাম (২২) ও মিনার হোসেন (২৬)। অভিযানের সময় সাইফুল ইসলামের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মিনার হোসেনের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাইফুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মিনার হোসেন কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে ফুলগাজী থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

