অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে সিএনজিতে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ উদ্ধার

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের জামমুডা সড়কে সিলোনিয়া নদীসংলগ্ন এলাকায় মাদকসহ একটি সিএনজি আটক করেছে স্থানীয়রা। একই এলাকায় প্রায় এক ঘণ্টার ব্যবধানে পরিত্যক্ত অবস্থায় আরও কয়েক বোতল ভারতীয় মদ উদ্ধারের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যাত্রীবিহীন একটি সিএনজি জামমুডা থেকে আনন্দপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে সিএনজিটিকে থামার জন্য বলা হয়। তখন চালক সিএনজিটি সড়কে রেখে দৌড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় প্রতিনিধি ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার গোলাপ সিএনজিটি তল্লাশি করে দুটি প্যাকেটে গাঁজা দেখতে পান। প্যাকেট দুটিতে আনুমানিক পাঁচ কেজি গাঁজা থাকতে পারে বলে স্থানীয়রা জানান। বিষয়টি তিনি ফুলগাজী থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকসহ সিএনজিটি থানায় নিয়ে যায়।

এর প্রায় এক ঘণ্টা পর সিলোনিয়া নদীসংলগ্ন বোচা মিয়ার বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে প্রায় ১০ বোতল ভারতীয় মদ দেখতে পান। তবে এসব মাদকদ্রব্য কে বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে গত কয়েক দিন ধরে আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে জামমুডা, বরকত উল্লাহ, চন্দনবিয়া এলাকাসহ বিভিন্ন গ্রামে স্থানীয়দের নিয়ে পাহারা ও অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে ফুলগাজী থানা পুলিশ মাদক উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *