বান্ধবীদের সাথে ঘুরতে যেতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
গাজী মাসুদ রানা
পরশুরামে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে রিয়া আক্তার (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত রিয়া আক্তার স্থানীয় বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
রোববার (২২ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১ টার সময় উপজেলার ৪নং বক্সমাহমুদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম মোহাম্মদপুর এলাকার ভিতরের বাজার মাদ্রাসা রোড সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রিয়ার বাবা জয়নাল আবেদীন সৌদি প্রবাসী। তিন বোন এক ভাইয়ের মধ্যে রিয়া ছিলেন মেধাবী শিক্ষার্থী। ঘটনার দিন বান্ধবীদের সঙ্গে বাইরে যাওয়ার বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।
নিহতের চাচা আলম জানান, তাদের সঙ্গে আমাদের তেমন কোনো যোগাযোগ নেই। তারা আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক রাখে না।
আরেক চাচা আবুল কালাম বলেন, আমি অনেক দিন ধরে আমার ভাইয়ের সঙ্গে কথা বলি না। পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। তবে আমার ভাতিজি খুব ভালো ও মেধাবী শিক্ষার্থী ছিল। সামান্য বিষয় নিয়ে কেন এমন সিদ্ধান্ত নিলো, বুঝতে পারছি না।
স্থানীয়রা বলেন , ঘটনার পর তারা বাড়িতে গেলে রিয়ার মা দরজা খুলেননি এবং কারো সঙ্গে কথা বলেননি। তারা জানান, ওই বাসায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ যাচাই করলে ঘটনার প্রকৃত কারণ জানা যেতে পারে।
এ বিষয়ে পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, এবং ভিকটিম কে পোস্টমটামের জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

