আমিরাবাদে গৃহবধূকে হত্যার অভিযোগ, সঠিক তদন্তের দাবী
আনোয়ার হোসেন
ফেনী জেলায় এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। জেলার সোনাগাজী উপজেলার ৮ নং আমিরাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এক গৃহবধূকে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী ফেনী সদর উপজেলার ৮ নং ধলিয়া ইউনিয়নের বাসিন্দা এবং শ্রমিক দলের ধর্ম প্রচার সম্পাদক ইব্রাহিমের মেয়ে। অভিযোগ রয়েছে, তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে তাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে।
ঘটনার পর এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয় বলেও অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনাটি রিকশাচালক ফজলকের নতুন বাড়িতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

