Uncategorized

ফেনীতে লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত ৮০ গ্রাম

গাজী মাসুদ / মোঃ মোস্তাফিজ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১১টি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এতে অন্তত ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার তিন উপজেলার কয়েক হাজার পরিবার।

পরশুরাম ও ফুলগাজী বাজারে পানি ঢুকে তলিয়ে গেছে রাস্তাঘাট ও দোকানপাট। ফেনী পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরে পরশুরামের কহুয়া নদীর একটি স্থান শালধরে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। নতুন করে যেসব স্থান ভাঙছে, পানি একটু নেমে গেলে মেরামত করা হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ফেনীতে গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার বলেন, দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পানিবন্দি মানুষের জন্য শুকনো খাবার প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *