ছাগলনাইয়ায় ছাত্রশিবিরের একুশে বইমেলার স্টলে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
ফেনীর ছাগলনাইয়ায় ইসলামী ছাত্রশিবিরের একুশে বইমেলার স্টলে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় আয়োজিত একুশে বইমেলায় ইসলামী ছাত্রশিবিরের একটি স্টল স্থাপন করা হয়। সেখানে ইসলামী সাহিত্য, ইতিহাস ও সমাজবিষয়ক বই প্রদর্শিত হচ্ছিল। রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে স্টল ভাঙচুর করে এবং বেশ কিছু বই ছিঁড়ে ফেলে।
এ ঘটনায় ছাত্রশিবির ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বইমেলা জ্ঞানের চর্চার স্থান, এখানে হামলা চালানো মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে, দোষীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় পাঠক ও বইপ্রেমীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
