টঙ্গী সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
গাজীপুর: মহান ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গী সরকারি কলেজের উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ ফারজানা পারভীন শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কালাম আজাদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, “ভাষার মাসকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করে তোমরা যে দৃষ্টিনন্দন দেয়ালিকা তৈরি করেছ, তা সত্যিই প্রশংসনীয়। কলেজ প্রশাসনের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ।”
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কালাম আজাদ বলেন, “১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা রক্ষার্থে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা বিক্ষোভ মিছিল শুরু করে। সেই মিছিলে পুলিশ গুলি চালায়, যাতে বহু ছাত্র শহীদ হয়। সেই সকল শহীদদের স্মরণে প্রতি বছরের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তারই ধারাবাহিকতায় টঙ্গী সরকারি কলেজের নানান আয়োজনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ হয়েছে শিক্ষার্থীদের এই দেয়ালিকা প্রকাশ।”
দেয়ালিকা প্রদর্শনীতে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস, বীর শহীদদের অবদান এবং বাংলা ভাষার গৌরবময় ঐতিহ্য ফুটিয়ে তুলেছে। শিক্ষকরা শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগকে আরও উৎসাহিত করার আশ্বাস দেন।
