ফেনীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল: ১৩ জনসহ মোট ২৩ আসামি গ্রেফতার
শহর প্রতিনিধি
ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম চালাতে মিছিল করার সময় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশ জানায়, আজ ২২ অক্টোবর ভোর ৫টা ৩০ থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে ফেনী মডেল থানাধীন কালিদহ ইউনিয়নের কালিপাল এলাকায় দশমীঘাট সংলগ্ন পাকা সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তাঁরা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্যের ছবিসংবলিত ব্যানারসহ বিভিন্ন স্লোগান দেন বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য, ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন নাসিম ও ফেনী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুশেন চন্দ্র শীলের পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করা হয়। পলাতক আসামিরা হলেন বেলাল হোসেন, হাসান ঈশান, কাজী রশিদ আহমেদ রাব্বী ও জহিরুল ইসলাম রিফাত।
গ্রেফতার ১৩ জনের মধ্যে রয়েছেন সোনাগাজী ও দাগনভূঞা থানা এলাকার বাসিন্দারা। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১১ ধারায় ফেনী মডেল থানায় মামলা (নং ৪৫/৬৭৩) হয়েছে।
এ ছাড়া অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ী এবং ৩টি পরোয়ানাভুক্ত আসামিসহ মাদকসেবীদের গ্রেফতার করা হয়। সবাইকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জেলায় মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
